ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ২৬ জনকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ২৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। বুধবার তিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশব্যাপী সরকারি সিদ্ধান্তের সামাজিক বিচ্ছিন্নতা অবস্থা ভেঙে এইসব ব্যক্তি বাড়ির বাইরে বের হয়ে রাস্তা-ঘাটে অবাধে চলাচল করায় ২৬ ব্যক্তিকে ৩২ হাজার  টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এখন থেকে দিনভর এমন অভিযান শহর ও গ্রামাঞ্চলে অব্যাহত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া যাকে ঘরের বাইরে পাওয়া যাবে, তাকেই জরিমানা করা হবে। চায়ের দোকানসহ লোক সমাগম করে আড্ডা দিলেই জরিমানাসহ অন্যান্য দণ্ড দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২/৩ দিন ধরে ভৈরবের শহর এলাকাসহ গ্রামাঞ্চলের বিভিন্ন পথে-ঘাটে লোকজনের অবাধ যাতায়াত দেখা যাচ্ছে। লোকজন সরকার ঘোষিত সামাজিক বিচ্ছিন্নতা না মেনে অবাধে চলাচল করছে। এতে করে করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি বেড়ে গেছে এই জনপদে।