রমেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হচ্ছে। একদিনে পরীক্ষা করা যাবে অন্তত ৯৬টি নমুনা।

রমেকের অধ্যক্ষ এ কে এম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করে জানান, কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগে করোনা নমুনা পরীক্ষার ল্যাব নির্মাণের কাজ চলছে।

দু’একদিনের মধ্যে অবকাঠামো ও পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার আকবর আলি।

তিনি বলেন, মেশিন স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি এসেছে। চার-পাঁচ দিন ধরে একটানা কাজ করা হচ্ছে।

অন্যদিকে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মিন্টু রায় বলেন, আশা করছি দুইদিনের মধ্যে মেশিন স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন হবে।

রংপুরে গিয়ে মেডিকেল টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবে ঢাকার একটি প্রশিক্ষক দল।

অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান জানান, কিছুটা ট্রেনিং প্রয়োজন রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় এই মুহূর্তে ঢাকায় গিয়ে ট্রেনিং নিয়ে আসা সম্ভব নয়। এ কারণে ঢাকা থেকে একটি প্রশিক্ষক দল রংপুর আসছে। তারা প্রশিক্ষণ দেওয়ার পরও কাজ শুরু হবে।

তিনি জানান, রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা করা হবে এই পিসিআর মেশিনে। এতদিন এই মেশিন না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করা হতো।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টেস্ট বৃহস্পতিবার শুরু হলে রংপুর বিভাগের লোকজনের অনেক সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রংপুরবাসী।