করোনাভাইরাসের এই মহামারির সময়ে অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়ালেন জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম। একই সঙ্গে সবাইকে আহ্বান জানিয়েছেন সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
করোনাভাইরাসের কারণে থমকে গেছে জনজীবন। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও সবকিছু বন্ধ। চলছে সাধারণ ছুটি। এই সময়টাতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়।
এমন সময়ে ক্রীড়া তারকাদের অনেকেই পাশে দাঁড়িয়েছেন অসহায়দের। পুরুষ জাতীয় ক্রিকেট দলের তারকারা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক এরই মধ্যে সরকারি তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে পাশে দাঁড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় এগিয়ে এলেন জাহানারাও।
বুধবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন জাহানারা। যেখানে দেখা যাচ্ছে নিজ হাতে ত্রাণ বিতরণ করছেন এই তারকা।
ক্যাপশনে জাহানারা লিখেছেন, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’
দিনটি জাহানারার জন্য ছিল বিশেষও। এদিনই ২৭ পূরণ করেছেন তিনি।