করোনাভাইরাসের মোকাবিলায় সামনে থেকে লড়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দিন রাত পরিশ্রমে সামান্য বিশ্রামেরও ফুরসত মেলার সুযোগ নেই তাদের। পরিবারের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতে পারছেন না তারা।
দেশে দেশে আক্রান্তদের মধ্যে চিকিৎসক-নার্সের সংখ্যাও কম না। মৃত্যুর ঘটনায় যুক্ত হচ্ছেন তারাও। এমন পরিস্থিতিতে মানসিক চাপ কাটাতে কাজের ফাঁকেই গান ধরছেন কেউ কেউ।
আনন্দবাজার পত্রিকা জানায়, কয়েকদিন আগেই রাজস্থানের একদল চিকিৎসক গেয়েছিলেন ‘হাম হিন্দুস্তানি’ ছবির গান ‘ছোড়ো কাল কি বাতে’। সেই গান ভাইরাল হয়েছিল। এবার মার্কিন দুই চিকিৎসকের গানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারা গাইছেন জন লেননের বিখ্যাত গান ‘ইমাজিন’।
গানের ভিডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন চিকিৎসক এলভিস ফ্রানকোস। এর মধ্যে চার লাখেরও বেশিবার দেখা হয়েছে এটি।
ক্যাপশনে তিনি লিখেন, ‘জীবনে বহু জিনিস আমাদের বিভাজিত করে রাখে। ধর্ম, জাতি, রাজনীতি, সামাজিক অবস্থা ও আর অনেক কিছু... কিন্তু করোনা আমাদের এক জায়গায় এনেছে। আগামী কয়েক মাসে স্বাস্থ্য সেবার পরীক্ষা হবে। প্রচুর জীবন হারিয়ে যাবে। কিন্তু আজকের এই অন্ধকার সময়ে মানুষের উজ্জীবনী শক্তির থেকে উজ্জ্বল আর কিছু নেই।’