‘বেদনাদায়ক’ সপ্তাহের প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প

চলমান করোনা পরিস্থিতিতে ‘খুবই বেদনাদায়ক’ সপ্তাহের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন বলে খবর দিয়েছে এএফপি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। আগামী দুই সপ্তাহ আমাদের আরও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। দেশের সব নাগরিককে কঠিন এ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রে যে হারে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তাতে আগামী কয়েক সপ্তাহে এক থেকে আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। করোনার তাণ্ডবকে মহামারী প্লেগের সঙ্গে তুলনা করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কভিড-১৯ প্রতিরোধে কোনো ম্যাজিক থেরাপি নেই। রোগটি যাতে একজন থেকে অন্যজনে ছড়াতে না পারে, সে চেষ্টা করতে হবে। কড়াকড়িভাবে সামাজিক দূরত্বের নিয়ম বজায় রাখতে পারলেই শুধু সংক্রমণ রোধ সম্ভব। অর্থনীতির ক্ষতি হলেও এ ব্যবস্থার বিকল্প নেই। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩ হাজার ৮৮৯ জন।