করোনাভাইরাসের কারণে একের পর এক বাতিল ক্রীড়া ইভেন্টে নাম উঠল টেনিসের সবচেয়ে আকর্ষণীয় লড়াই উইম্বলডনেরও। বুধবার এই টুর্নামেন্টের বাতিলের খবরে হতাশ প্রকাশ করেছেন কিংবদন্তি রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসসহ টেনিস তারকারা।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের উইম্বলডন বাতিলের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম গ্রাস কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বাতিল হলো। বরাবরের মতো, ২৯ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা উইম্বলডন।
বাতিলের খবর শোনার সাথে সাথে টুইট করেছেন পুরুষ এককে উইম্বলডনের রেকর্ড আটবারের শিরোপাজয়ী ফেদেরার। সুইজারল্যান্ডের ৩৮ বছর বয়সী এই তারকা টুইট করে জানিয়েছেন, এই খবরে তিনি কেমন বোধ করছেন তা প্রকাশ করার মতো জিফ নেই।
আগামী বছর জুনে উইম্বলডন মাঠে গড়ানোর সময় রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের বয়স গড়াবে ৪০ এ। তখন শিরোপা জয়ের মতো ফিটনেস তার নাও থাকতে পারে।
উইম্বলডন বাতিলে হতাশা প্রকাশ করেছেন নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সাতবার উইম্বলডন শিরোপাসহ রেকর্ড ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জেতা যুক্তরাষ্ট্রের এই তারকা টুইটে লিখেছেন- “আমি হতাশ।”
হতাশা প্রকাশ করে গত বছর টুর্নামেন্টটির শেষ ষোলোয় খেলা যুক্তরাষ্ট্রের টিনএজ খেলোয়াড় কোকো গাউফ লিখেছেন, “এই বছর আমি উইম্বলডন খেলা মিস করব। সবাই নিরাপদে থাকুন।”
দুটি উইম্বলডনসহ তিনটি গ্র্যান্ডস্ল্যাম জেতা ব্রিটেনের অ্যান্ডি মারে লিখেছেন- “বিশ্বে এখন যা ঘটছে তাতে নিশ্চিতভাবে সবার স্বাস্থ্যের ব্যাপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
হতাশা প্রকাশ করেছেন ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে দ্বৈত লড়াইয়ে উইম্বলডন জেতা ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাও।