ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী স্ত্রীসহ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী। বুধবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। খবর আলজাজিরা।

আক্রান্ত ৭১ বছর বয়সী মন্ত্রী ইয়াকব লিটজম্যান ও তার স্ত্রী নিজেদের বাসভবনে আইসোলেশনে আছেন। তবে তাদের চিকিৎসা সেবা হচ্ছে এবং তারা সুস্থ হয়ে উঠছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়।

করোনা পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের শীর্ষ এই মন্ত্রী ঘর থেকেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এদিকে দেশটির আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জন। এর মধ্যে মারা গেছে ২৬ জন। ২১ ফেব্রুয়ারি দেশটিতে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত নারী জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের কোয়ারেন্টাইন থেকে দেশে ফিরেছিলেন।