ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৪ জনকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত ১৪ ব্যক্তির কাছ থেকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা হিসেবে আদায় করেন।

বৃহস্পতিবার তারা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

অভিযানে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু এবং ওসি মো. শাহীন পুলিশ ফোর্সসহ সার্বিক সহযোগিতা করেন বলে জানান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভৈরব থানার ওসি মো. শাহীনকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা অভিযান পরিচালনা করেন শহরের গাছতলাঘাট, ফেরিঘাট, চকবাজার, রাণীরবাজার, নদীরপাড়, কাঠপট্টি ও ঋষিপট্টি এলাকায়।

অপরদিকে সহকারী কমিশনার হিমাদ্রী খীসা ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুকে সাথে নিয়ে উপজেলার শিমূলকান্দি, শ্রীনগর, কালিকাপ্রসাদ ইউনিয়নসহ পৌর এলাকার স্টেডিয়ামপাড়া, ভৈরবপুর উত্তরপাড়া, ভৈরব বাজারের রানীরবাজার ও হলুদপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশব্যাপী সরকারি সিদ্ধান্তের সামাজিক বিচ্ছিন্নতা ভেঙে এইসব ব্যক্তি বাড়ির বাইরে বের হয়ে রাস্তাঘাটে অবাধে চলাচল করায় তিনি ৮ ব্যক্তিকে ৭ হাজার এবং সহকারী কমিশনার হিমাদ্রী খীসা ৬ ব্যক্তিকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, এখন থেকে দিনভর এমন কি রাতেও এ রকম অভিযান শহর ও গ্রামাঞ্চলে অব্যাহত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া যাকে ঘরের বাইরে পাওয়া যাবে, তাকেই জরিমানা করা হবে। চায়ের দোকানসহ লোক সমাগম করে আড্ডা দিলেই জরিমানাসহ অন্যান্য দণ্ড দেওয়া হবে। লোকজন যত আইনভঙ্গ করবেন, প্রশাসন ততোই কঠোর হবে বলেও তিনি জানান।