করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্ব এখন স্থবির। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। লম্বা সময়ের জন্য সব অফিস আদালত বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। যাদের একদিন আয় বন্ধ থাকলে ঘরে আর খাবার থাকে না। সমাজের নানা শ্রেণি পেশার মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে। অনেক সংগঠন ও সংস্থাও এগিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এসব অন্নহীন অসহায়দের পাশে দাঁড়িয়েছে 'স্টেজ ফর ইউথ' সংগঠনটি। ১ এপ্রিল সারা ঢাকার ভিন্ন ভিন্ন জায়গায় তারা এই নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
গুলশান জোনে খাদ্য-সামগ্রী বিতরণের সময় সংগঠনটির প্রেসিডেন্ট জনপ্রিয় সংগীত শিল্পী ইলিয়াস হোসাইনসহ উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ এবং স্টেজ ফর ইউথের অন্যান্য সদস্যগণ।
সংগঠনটির প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের অন্তত ১০ দিনের খাদ্য-সামগ্রী দিয়ে সহায়তা করতে।এটি কেবল শুরু, সারা ঢাকায় ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের সদস্যরা প্রায় ৫০০ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এটি অব্যাহত থাকবে যত দিন এই সংকট থাকবে। প্রাথমিকভাবে ২ হাজার পরিবারকে সহায়তার পরিকল্পনা নিয়েছি। পরবর্তীতে সারা বাংলাদেশে বড় আকারের সহায়তার পরিকল্পনা করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গুলশান বিভাগের উপ- পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তীকে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদকে ত্রাণ বিতরণের সময় উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য।’