ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মোটরসাইকেলের এক আরোহীকে গ্রেপ্তার করা হয়। তবে অপর আরেকটি মোটরসাইকেলের আরোহী পালিয়ে যায়। এ সময় পুলিশ ফেনসিডিল পাচারে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করে।
আটক মোটরসাইকেল আরোহীর নাম সবুজ আহমেদ (২৭)। সে চুয়াডাঙ্গার শান্তিনগরের মো. আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টার দিকে জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, করোনা আতঙ্কের মধ্যে এক্সপ্রেসওয়ে হয়ে পৃথক দুটি মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম এক্সপ্রেসওয়েতে অবস্থান নেয়। এ সময় পুলিশ পৃথক দুটি মোটরসাইকেলকে পথরোধের চেষ্টা করলে একটি মোটরসাইকেল ফেলে আরোহী দৌড়ে পালিয়ে যায়। অপর মোটরসাইকেলের আরোহী সবুজকে পুলিশ ধরতে সক্ষম হয়।
পরে মোটরসাইকেল দুটি থেকে পৃথক চারটি ব্যাগভর্তি অবস্থায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি আরও জানান, করোনার আতঙ্কের মধ্যেও মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল বহন করে জেলার শ্রীনগরে মাদক ব্যবসায়ীদের কাছে এ ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।