ম্যালেরিয়ার ওষুধে করোনা সারাতে গিয়ে বিতর্কে যে চিকিৎসক

ম্যালেরিয়ার ওষুধে সেরে যায় করোনাভাইরাস-এমন তথ্য হাজির করে গোটা পৃথিবীতে আলোচনায় এসেছেন ফ্রান্সের মার্সেই শহরের চিকিৎসক দিদিয়ের রাওল্ট। তার দাবিকে সত্য মনে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শতশত মানুষ ওই ওষুধ ব্যবহারের অনুমতি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন।

বিতর্কিত এই অণুজীব বিজ্ঞানী ইউটিউবে ওষুধের ঘোষণা দিয়ে ফ্রান্সে রীতিমতো ‘তারকা’ ডাক্তার বনে গেছেন। তার হাসপাতালে এখন শতশত রোগী ভিড় করছেন।

এই চিকিৎসকের কারণে ফ্রান্স সরকার বিপাকে পড়েছে। ম্যালেরিয়া রোগের ওষুধ ক্লোরোকুইন এবং  হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার উন্মুক্ত করতে চাপ সৃষ্টি করছে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক জনপ্রিয় রাজনীতিবিদ।

শুধুমাত্র বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের ওষুধটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে ফ্রান্সে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ ব্যবহার করে অনেক রোগী মারা গেছেন। রাওল্ট যাদের চিকিৎসা করেছেন তাদের সংখ্যা খুব অল্প। তার সব রোগী ভালো হয়েছেন কি না, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।

চীনসহ বেশ কয়েকটি দেশে এই ওষুধ ব্যবহারের কথা শোনা গেছে। ফ্রান্সের মতো জর্ডানেও একইভাবে ওষুধটির ব্যবহারে অনুমতি দেয়া হয়েছে।

বিশেষ বিবেচনায় নির্দিষ্ট কিছু রোগীকে এই ওষুধ দেয়া গেলেও রাওল্ট এবং তার কয়েকজন সহকর্মী যেভাবে কথা বলছেন সেটি নিয়ে চিন্তায় অন্য চিকিৎসকেরা। রাওল্ট বারবার একে ‘সাধারণ ওষুধের’ মতো বলে দাবি করছেন। তাকে থামাতে ফ্রান্স সরকারও নড়েচড়ে বসছে বলে জানানো হয়েছে পলিটিকোর প্রতিবেদনে।