ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম কর্মহীন, অসহায় ও গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এ সময় তিনি উপজেলার চার ইউনিয়নের দুই শ পরিবারের হাতে চাল, ডাল, তেল ও সাবান তুলে দেন।
তিনি জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের নেত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া জন্য। তারই ধারাবাহিকতায় এ আয়োজন এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করছি'।
ফরহাদ হোসেন যে চার ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেগুলো হলো ধরমন্ডল, চাপরতলা, ফান্দাউক, বুড়িশ্বর।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজ্জামেল হক জুরান, ধরমন্ডলের ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফারুকজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক সুরঞ্জন দেবনাথ, বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হক মুকুল, প্রভাষক নির্মল চৌধুরী, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়া প্রমুখ।