করোনাভাইরাস মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ফেল করাবে না। বর্তমানে সেখানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ওই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এসব ক্লাসের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে কোনো বাধা নেই। তবে নবম থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে পড়াশোনা চালানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। কিন্তু করোনা মোকাবিলায় মার্চ মাস থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। কাজেই পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার এই শিক্ষাবর্ষে কাউকে এক ক্লাসে রাখতে চায় না।
তিনি বলেন, শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এ বছর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। ফেলের ব্যবস্থা থাকবে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে শিক্ষা দপ্তর বিশেষ কর্মসূচি নেয়ার চেষ্টা করছে। যাতে প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখা যায়। ইমেল-ওয়েবসাইটের মাধ্যমে, এমনকি দূরদর্শনের মাধ্যমেও তা সম্ভব করা যায় কি না, তার চেষ্টা করছি। রাজ্য সরকারের অনুমোদনের পর, তা কার্যকর করা হবে।
খবর: আনন্দবাজার।