করোনায় দুস্থদের সহায়তায় এগিয়ে এলেন শাহরুখ খান

করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। শুধুমাত্র জাতীয়ভাবে নয় আঞ্চলিকভাবেও সহায়তা করবেন শাহরুখ। পুরো দেশ, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র রাজ্যের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে প্রেস বিবৃতি প্রকাশ করেছে শাহরুখের একাধিক সংগঠন। শাহরুখ নিজেও টুইট করে জানিয়েছেন করোনা মোকাবিলায় কী কী করছে তার সংস্থাগুলি।

শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে কেকেআর-র পক্ষ থেকে জানানো হয়েছে, PM Care ফান্ডে তারা অনুদান দেবে। এ ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবে রেড চিলিজ। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মেডিকেল স্টাফদের ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) দেবে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এই সুরক্ষা সরঞ্জাম দেওয়া হবে।

এছাড়াও ‘এক সাথ’ নামের আরেকটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুম্বাইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে অন্তত এক মাস খাদ্য সরবরাহ করবে। হাসপাতাল ও অন্য পরিবারের জন্য ২ হাজার প্যাকেট খাবার তৈরি করা হবে।

তা ছাড়া রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন ১০ হাজার দুস্থ মানুষকে প্রতিদিন খাবার দেবে। এ ছাড়া দিল্লিতে আরও একটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুদিখানা ও অন্য খাদ্য সামগ্রী আড়াই হাজারেরও বেশি দিন মজুর পরিবারকে অন্তত এক মাস দেবে।

মীর ফাউন্ডেশন উত্তর প্রদেশ, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তকে মাসিক স্টাইপেন দিয়ে সাহায্য করবে। তাদের প্রাথমিক চাহিদার কথা মাথায় রেখে সাহায্য করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে শাহরুখ লিখেছেন, ‘আমরা যখন ঘরে সুরক্ষিত, তখন বহু কর্মী আমাদের এই সুরক্ষার জন্য কাজ করছেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তাদের সুরক্ষা ও সুস্বাস্থ্যের জন্য। আলাদা হয়েও একসঙ্গে আমরা এই বাধা কাটিয়ে উঠবই।’