করোনা মোকাবিলার প্রস্তুতি

সরকারের সমালোচনা করলেই ক্ষিপ্ত হয়ে ওঠে আ.লীগ : রিজভী

সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনাভাইরাস মোকাবিলা সম্ভব নয় বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করে তিনি বলেন, কিন্তু করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা করলেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষিপ্ত হয়ে ওঠে।

লিখিত বক্তব্যে রিজভী বলেন, গত বুধবার পর্যন্ত সারা দেশে ১ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের মধ্যে কভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়েছে। বাংলাদেশে সামাজিক পর্যায়ে সংক্রমিত হচ্ছে বলে স্বীকার করলেও তা মৃদু মাত্রায় রয়েছে বলে দাবি করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। সরকার বলছে, সবকিছু নিয়ন্ত্রণে, পশ্চিমা মিডিয়া বলছে, আগামী দুই সপ্তাহ বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমও এ ব্যাপারে ওয়াকিবহাল। মৃত্যু হানা দিচ্ছে দেশে দেশে। আর করোনা যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইতিমধ্যে বিদেশি কূটনীতিকরা দলে দলে ঢাকা ছাড়ছেন। তিনি বলেন, আমরা মনে করি সরকারের নীতির কারণেই দেশের করোনা পরিস্থিতির আসল চিত্র ফুটে উঠছে না। ভেতরে ভেতরে সংক্রমণ হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আজকের পত্রিকায় খবর বেরিয়েছে, গত বুধবার ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন বেশ কয়েকজন। আর সরকারি হিসাবে মারা গেছে একজন।

সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, তথ্য গোপন করে এ মহামারী এড়ানো যাবে না। তাই সঠিক তথ্য দিয়ে এই রোগের ভয়াবহতা বুঝিয়েই জনগণকে কোয়ারেন্টাইন মেনে চলতে অনুপ্রাণিত করতে হবে।