পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নওগাঁর আত্রাই ও পত্নীতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন মারা গেছেন। পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবারের এ দুই ঘটনায় নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তারা হলেন মিনহাজুল ইসলাম মিন্টু সিকদার (৩৭) ও জাহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, আত্রাইয়ে মিনহাজুলকে গ্রেপ্তারের পর ভোরে উপজেলার তিলাবাদুরী গ্রামে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। সেখানে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মিনহাজুল নিহত ও পুলিশের এক সদস্য আহত হন। পুলিশ সুপার জানান, ভোরে পত্নীতলার দিবরদিঘি এলাকায় জাহিদুলকে নিয়ে মাদক উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জাহিদুল আহত হন। তাকে উদ্ধার করে পত্নীতলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।