নারায়ণগঞ্জে ঘরে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। তার নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে ৯৯,৯৯,৯৯৯ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নগরীরর রাইফেল ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আমাদের সমাজে দুই শ্রেণির অসহায় লোক রয়েছে। এক শ্রেণি হচ্ছে হতদরিদ্র যারা হাত পেতে সাহায্য চাইতে পারে। আরেকটা শ্রেণি আছে যাদের ঘরে খাবার না থাকলেও তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। এই দুই শ্রেণির মানুষের সাহায্যে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ৯৯ লাখ ৯৯ হাজার টাকা অনুদান ঘোষণা করছি। ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের ৭৫টি ওয়ার্ডে তালিকা করে এই অনুদানের টাকা বিতরণ করা হবে।
সিটি করপোরেশনকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘আমি ১ মাসের বাড়িভাড়া মওকুফ করতে নারায়ণগঞ্জের বাড়িওয়ালাদের কাছে অনুরোধ রাখছি। পাশাপাশি সিটি করপোরেশনকে বলব সম্ভব হলে বাড়িওয়ালাদের এক মাসের ট্যাক্স মওকুফ করুন, নিম্ন আয়ের মানুষের ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য কর মওকুফ করুন।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে এবং সবার সহযোগিতায় করোনাভাইরাস এখনো বাংলাদেশে মহামারী রূপ নিতে পারেনি। পীর-আউলিয়ার এই দেশ থেকে করোনাভাইরাস খুব দ্রুতই বিদায় নেবে। এ সময় নারায়ণগঞ্জবাসীকে বাইরে বের না হতে আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. ইমতিয়াজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। এ সময় মেট্রো গ্রুপের সৌজন্যে জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য ৪০০ পিপিই হস্তান্তর করেন শামীম ওসমান।