কেমন ছিল আরবাজ-মালাইকার বিচ্ছেদের আগের রাত?

মালাইকা আরোরা বরাবরই বলে আসছিলেন, আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙা সহজ ছিল না। যদিও কখনো বিচ্ছেদের কারণ উল্লেখ করেননি। তবে এবার জানালেন ছাড়াছাড়ির আগের রাতের কথা।

সম্প্রতি বন্ধু কারিনা কাপুর খানের রেডিও শো-এ হাজির হয়েছিলেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল। সেখানে স্মৃতির ঝাঁপি খানিকটা খুলে দিলেন।

মালাইকা বলেন, আরবাজের সঙ্গে সম্পর্কে ভাঙন, তার জীবনযাপন সব কিছুই অপছন্দ ছিল খান পরিবারের। ওই পরিবারের সদস্যরা কখনও চাননি যে মালাইকা নিজের মতো জীবনটাকে উপভোগ করুন। ফলে শেষ পর্যন্ত বিয়ে ভেঙে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি।

শুধু তাই নয়, আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়েও নানা জনের নানা মত ছিল। বিচ্ছেদের আগের দিন রাতে এই নিয়ে অজস্র প্রশ্নের মুখোমুখি হন তিনি। পরিবারের প্রত্যেকে তাকে এক জায়গায় বসিয়ে জিজ্ঞাসা করেন- যা করছেন, তা ঠিক বলে মনে হয় তো!

তবে নিজের পরিবার এবং কাছের বন্ধুদের কাছ থেকে এ বিষয়ে পূর্ণ সমর্থন পেয়েছেন বলেও জানান মালাইকা। তাই হাজার জটিলতার মাঝেও ছেলেকে নিয়ে আরবাজের সংসার ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন।

পাশাপাশি বলেন, যারা নিজেকে ভালোবাসেন, তারা অবশ্যই নিজেকে নিয়ে চিন্তা করবেন।

আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে ছেলে আরহানও নাকি মালাইকাকে যথেষ্ঠ সমর্থন করেছেন। বিচ্ছেদের পর মালাইকার দিকে তাকিয়ে আরহান জানান, মাকে সব সময় হাসি মুখে দেখতে তার ভালো লাগে।

বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। অন্যদিকে এক বিদেশী মডেলের সঙ্গে জড়িয়েছেন আরবাজ।