করোনায় প্রাণ গেল ‘স্টার ওয়ার্স’ অভিনেতার

করোনা সংক্রমণে মারা গেলেন হলিউড অভিনেত্রী অ্যান্ড্রু জ্যাক। বুধবার ব্রিটেনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৭৬ বছর।

অভিনেতার এজেন্ট এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেন। জানান, চলমান করোনা মহামারীর শিকার হয়েছেন তিনি।

জ্যাক ‘স্টার ওয়ার্স’ সিরিজে জেনারেল এম্যাট চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

এই অভিনেতা খুবই স্বাধীন জীবনযাপন করতেন। হালে তিনি টেমস নদীতে একটি পুরোনো হাউসবোটে বসবাস করতেন।

অ্যান্ড্রু জ্যাকের স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্স বর্তমানে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর মৃত্যুর খবর শেয়ার করে বলেন, অ্যান্ড্রুর খবর শুনে তার হৃদয় ভেঙে গেছে। লন্ডনের শহরতলীর একটি হাসপাতালে ভর্তি হওয়ার দুদিনের মধ্যে তার শরীরে করোনা ধরা পড়ে। এরপর বুধবার মারা যান।

অভিনেতাকে শেষবার দেখা গেছে ‘স্টার ওয়ার্স: এপিসোড সেভেন- দ্য লাস্ট জেডি’ সিনেমায়। এ ছাড়া ‘সোলো: আ স্টোরি ওয়ার্স স্টোরি’ ও ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এ অভিনয় করেন।

অ্যান্ড্রু জ্যাক মূলত ডায়ালেক্ট কোচ, এই কাজে তার ব্যাপক সুনাম ছিল। তার কাছে প্রশিক্ষণ নিয়েছেন পিয়ার্স ব্রসনান, কেট ব্লানচেট, রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস হেমসওয়র্থের মতো জনপ্রিয় তারকারা।