লকডাউন দিয়ে জুমার নামাজ বন্ধ করল পাকিস্তান

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করে জুমার নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। খবর বিবিসি।

দেশটির সবচেয়ে বড় শহর করাচি নিয়ে সিন্ধু প্রদেশে শুক্রবার তিন ঘণ্টার জন্য লকডাউন জারি করা হয়েছে।

দুপুর ১২-৩টা পর্যন্ত সব ধরনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে।

জুমার নামাজের সময়ে সাময়িক লকডাউন দিয়ে মূলত মানুষকে মসজিদে যাওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

মানুষের প্রতি প্রশাসনের পরামর্শ, তারা যাতে ঘরে নামাজ আদায় করে নেন। মসজিদে কোনো ধরনের জমায়েত না করে। এতে ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটবে।

তবে অন্তত ৩ থেকে ৫ জন মানুষ নিয়ে মসজিদের ভেতরে জামাত পরিচালনা করতে বলা হয়।

এর আগে গত শুক্রবার  নিষেধাজ্ঞা অমান্য করে জুমার নামাজ আদায় করায় ৪৩ জনকে আটক করে সিন্ধু ও পাঞ্জাব প্রশাসন। আটক ব্যক্তিদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও তত্ত্বাবধায়ক রয়েছেন।

প্রদেশ দুটিতে করোনা বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে গিয়ে জামাতে নামাজে পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

জুমার নামাজের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়। তবে মসজিদে জামাত একেবারেই বন্ধ করা হয়নি। সরকারের এই সিদ্ধান্তকে যে সব ধর্মীয় গোষ্ঠী সমর্থন দিয়েছিল, তাদের অনুসারীরাও এই নিষেধাজ্ঞা মানেনি বলে স্থানীয় পুলিশ জানায়।

করোনাভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। সিন্ধু ও পাঞ্জাবে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ জন।

এদিকে মসজিদে জমায়েত থেকে সংক্রমণ রোধে এর আগে সৌদি আরবের মক্কা-মদিনায় মসজিদুল হারাম ও মসজিদে নববীর বাইরের চত্বরে জুমার নামাজ বাতিল করা হয়। এ ছাড়া শুক্রবার ২৪ ঘণ্টার জন্য এই দুই শহরে কারফিউ জারি করা হয়েছে।

করোনা মোকাবিলায় মুসলিম দেশগুলোতে জুমার নামাজ ঘরে পড়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাপ্তাহিক এই প্রার্থনায় মসজিদে বিপুলসংখ্যক মানুষ জমায়েত হওয়ায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।