বেতনের টাকা ও খাবার নিয়ে অসহায় মানুষের পাশে উত্তরা পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত সব পুলিশ সদস্য বেতন ও রেশনের একটি অংশ নিম্ন আয় ও  অসহায় মানুষের খাবার বিতরণে ব্যয় করে যাচ্ছেন। ১ এপ্রিল থেকে পুলিশের এ বিভাগের কর্মকর্তারা এমন উদ্যোগ নিয়েছেন।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়িতে অবস্থান ও শারীরিক দূরত্ব বজায় রাখতে অসহায় পরিবারদের মাঝে খাবার দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগ অপরাধ কমাতেও সাহায্য করবে জানিয়ে নাবিদ কামাল বলেন, ‘মানুষের ঘরে খাবার না থাকলে মানুষের অপরাধ করার চিন্তা কাজ করতে পারে। এতে এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধও বাড়তে পারে। তাই এ ধরনের সহায়তার মাধ্যমে অসহায় মানুষজনের যেমন খাবারের দুশ্চিন্তা থাকবে না, অপরাধও কমে যাবে’।

অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমান জানান, ‘উত্তরা বিভাগের ছয়টি থানা থেকে পাঁচ শ দুস্থ ও ছিন্নমূল মানুষের তালিকা তৈরি করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের খাবার সংগ্রহের জন্য টোকেন কার্ড বিতরণ করা হয়েছে। টোকেন কার্ডে দেওয়া ঠিকানা অনুযায়ী তাদের প্রতিদিনের খাবার সরবরাহ করা হচ্ছে’।