ফেইসবুকে স্ট্যাটাসের জের

কুমিল্লার মেঘনায় ঘরবাড়ি ভাঙচুর শিশুসহ আহত ১৫

কুমিল্লার মেঘনা উপজেলায় এক ছাত্রের সঙ্গে এক ছাত্রীকে জড়িয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শতাধিক ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। হামলার ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা উপজেলার চালিভাংগা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন আক্রান্ত গ্রামবাসী ও চালিভাংগা ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকার।

গ্রামবাসীর অভিযোগ, মেঘনা আনছার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে এক ছাত্রীকে জড়িয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। ঘটনাটি গ্রামে জানাজানি হলে টিটিরচরের ওই ছাত্রের বাড়িতে অভিযোগ করেন ছাত্রীর অভিভাবক। এরপর রামপ্রসাদেরচর গ্রামে হামলা চালায় টিটিরচর গ্রামের লোকজন।

হামলায় ক্ষতিগ্রস্ত মাসুদ রানা অভিযোগ করে বলেন, টিটিরচর ৮নং ওয়ার্ডের ছানা মেম্বার ও শাহজাহানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দা, ছেনি, বল্লম ও লাঠি নিয়ে রামপ্রসাদেরচর গ্রামের আবদুর সোবাহান মিয়া, আনোয়ার মিস্ত্রি, শেখ মো. মহসিন, আবদুল আজিজ, অ্যাডভোকেট কামরুজ্জামান ও মো. মকবুলের বাড়িতে হামলা চালায়। মেঘনা থানার ওসি আবদুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে চালিভাংগা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। হামলাকারীদের আটক করতে টিটিরচর গ্রামে অভিযান চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।