বিশ্বে করোনা আক্রান্ত ১১ লাখ ছাড়িয়েছে, মৃত ৫৯ হাজার

বিশ্বে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫৯ হাজার ছুঁইছুঁই। সুস্থ হয়ে উঠেছেন সোয়া দুই লাখের বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ পরিসংখ্যানে করোনার এমন চিত্র মিলেছে।

বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টা নাগাদ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ লাখ ২৮৩ জন। মারা গেছেন ৫৮ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪০৬ জন।

শুক্রবার বিকেল নাগাদ একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৭৮২ জন। একই সময়ে মারা গেছে ১ হাজার ৪২৩ জন।

করোনায় মৃতের হিসাবে শীর্ষে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৬৮১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৯৮ জন মারা গেছেন স্পেনে।

চীনের উহান থেকে সৃষ্ট ভাইরাসটি যখন ইউরোপ থেকে আমেরিকায় ত্রাস সৃষ্টি করে যাচ্ছে, তখন বলতে গেলে অনেকটা করোনা মুক্ত উহান তথা গোটা চীন।

তবে চীন ‘কিছুটা স্বীকার’ করে নিয়েছে নিজেদের জোড়াতালির পরিসংখ্যান। তারা করোনায় নতুন সংক্রমণ হওয়া ব্যক্তিদের ‘উপসর্গহীন শ্বাসতন্ত্র সংক্রমণ’ হিসেবে আলাদা হিসাব রাখার বিষয়টি জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শুক্রবার দেশটিতে নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই বিদেশ ফেরত। আক্রান্ত অপরজন হুবেই প্রদেশের। দেশটিতে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৩৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজার ৭৫১ জন।

তবে ‘উপসর্গহীন শ্বাসতন্ত্র সংক্রমণ’ আক্রান্ত ৬৪ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এ ধরনের মোট ১ হাজার ৩০ জন বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।