করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে।
শনিবার সমিতির কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৩ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল।
এর আগে গত ১০ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ২৯ মার্চ মনোনয়ন দাখিল, ৩০ মার্চ বাছাই ও ৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়।
সম্প্রতি করোনাভাইরাসের কারণে সরকার সকল সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করায় অ্যাডভোকেট সমিতি গত ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত তফসিল স্থগিত ঘোষণা করে। কিন্তু করোনার প্রাদুর্ভাব না কমায় শনিবার সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. বদরু মিয়ার সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় পরবর্তী সাধারণ সভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল রাখার সিদ্ধান্ত হয়।
সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ এই বিষয়টি নিশ্চিত করেছেন।