ঝিনাইদহের কোটচাঁদপুরে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এনামূল হক সুজা (৭০) মারা গেছেন। করোনার সন্দেহ থাকায় মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে বাড়িটি এবং ওই বাড়ি যাওয়ার রাস্তাটি লকডাউন করে দিয়েছেন প্রশাসন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কোটচাঁদপুর উপজেলা শহরের গার্লস স্কুল সড়কের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দীর্ঘ দিন ধরে ডায়াবেটিক ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তিনি ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়দিন তিনি জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। গত শুক্রবার রাতে তার প্রতিবেশীদের কাছে অসুস্থতার সংবাদ পেয়ে স্বাস্থ্য কর্মীরা রাতেই তার বাড়িতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তিনি বাড়িতে থেকেই চিকিৎসার কথা বলেন। ভোররাতে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, নিহতের বাড়ি ও বাড়িতে চলাচলের রাস্তাটি লকডাউন করা হয়েছে।
এদিকে এ ধরনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।