নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পুলিশের ত্রাণ বিতরণ

কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সবকিছু বন্ধ থাকায় বিপদে পড়া কর্মহীন অসহায় মানুষদের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ বিতরণ করলেন পুলিশ সদস্যরা।

শনিবার সকালে মিলিটারি মাঠে এক হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ, মরিচ, সাবান ও আলু বিতরণ করা করে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সুন্দুলপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমুখ।

ওসি রফিকুল ইসলাম জানান, দাউদকান্দি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার দিন মজুরের তালিকা তৈরি করে তাদের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। পরে তাদের নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দেয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, যে সমস্ত পরিবারে ছোট শিশু রয়েছে তাদের জন্য দুধের ব্যবস্থা করা হবে।