করোনার সংক্রমণ ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে সাংবাদিকের ফেইসবুক আইডি থেকে করা পোস্ট দেখে অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে শ্রীমঙ্গল থানার পুলিশ।
শনিবার সকালে দেশ রূপান্তরের সংবাদদাতা মো. সুমন মিয়া নিজের ফেইসবুক আইডিতে দুই বিধবা নারীর অসহায় অবস্থার কথা তুলে ধরে পোস্ট দেন। তিনি লেখেন- ‘ঘরে কিছুই নেই, মানুষের বাসা-বাড়ির খাবার খেয়ে বেঁচে আছেন শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিধবা নারী রোহিলা বেগম (৫৫) ও আসাদ্দুন বিবি(৬০)।’
এটি ফেইসবুকে পোস্ট করার পরপরই তা অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানার চোখে পড়ে। তিনি নিজেই দুপুরের দিকে খাবার পৌঁছে দিয়ে আসেন ওই দুই বিধবার বাড়িতে।
পুলিশ পরিদর্শক সোহেল রানা বলেন, কেউ না খেয়ে থাকবে না। কারও ঘরে খাবার না থাকলে লজ্জা না করে আমাদের জানাবেন আমরা খাবার দিয়ে যাব। আপনারা ঘরে থাকুন ।
প্রসঙ্গ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুই শত পরিবারের মধ্যে দিনমজুর ও নিম্ন আয়ের ২০-৩০ পরিবার রয়েছে। অন্যদিকে বেশ কিছু পরিবারের নারীরা স্বামী না থাকায় অন্যের বাসা-বাড়িতেও কাজ করে খাবার খায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তাদের কারও কাজ নেই।