করোনাভাইরাস পরিস্থিতিতে ক্লাবকে নিজের বেতন কাটার প্রস্তাব দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। জিমনাশিয়া ক্লাবের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনোকে এই প্রস্তাব দিয়েছেন তিনি। অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় সব ধরনের ফুটবল বন্ধ আছে। এখনো আর্জেন্টিনায় কোনো ফুটবল ক্লাব, খেলোয়াড় বা স্টাফদের বেতন কাটেনি। আর্জেন্টিনার লিগে খেলা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা চলছে বেতন কাটার বিষয়ে। তার মধ্যেই জানা গেল ম্যারাডোনার মহানুভবতার কথা। পেলেগ্রিনো বলেন, ‘ম্যারাডোনাই প্রথম যে বলেছে, আমাদের যদি তার বেতন কাটতে হয় তাতে সে রাজি।’ ৫৯ বছরের ম্যারাডোনা জিমনাশিয়ার দায়িত্ব নেন গেল সেপ্টেম্বরে। তখন দলটি ভুগছিল লিগের রেলিগেশন জোনে। ২৪ দলের মধ্যে ১৯তম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি।
ক্লাবটির সঙ্গে ম্যারাডোনার চুক্তি আছে ২২ আগস্ট পর্যন্ত। পেলেগ্রিনোর মতে ম্যারাডোনা জিমনাশিয়ার সঙ্গেই থাকবেন। তিনি বলেন, ‘কবে তার চুক্তি শেষ হবে সে বিষয়ে ভাবছেন না ম্যারাডোনা। এখন তিনি বাড়িতে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে (ক্লাবে) ফিরে আসবেন।’ করোনাভাইরাসের কারণে লকডাউনের মাঝে ম্যারাডোনা কীভাবে সময় পার করছেন এমন প্রশ্নের জবাবে জিমনাশিয়া প্রেসিডেন্ট বলেন, ‘ডিয়েগো ভালো আছেন। অন্য সবার মতোই একটু বিরক্ত হচ্ছেন। নিজের প্রতি খেয়াল রাখছেন। কেননা তার বয়সী মানুষেরা একটু বেশি ঝুঁকিতে আছেন।’ ইন্টারনেট।