‘সেলফ কোয়ারেন্টাইন’ থেকে ঘরে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমেরিকার একটি হোটেলে ১৪ দিন ছিলেন আইসোলেশনে। সেখান থেকে শুক্রবার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনার কাছে ফিরেছেন।
উইসকনসিনের ওই হোটেল থেকে সাকিবের বাসার দূরত্ব বেশি নয়। হেঁটে যেতে মাত্র কয়েক মিনিট লাগে। কিন্তু ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ অলরাউন্ডার নিজের দেশে এসেছিলেন মাঝে। কয়েকদিনের সফর শেষে যখন ফেরেন, যুক্তরাষ্ট্রে তখন গোটা দেশের প্রায় লকডাউন অবস্থা। সাকিব নিজেকে ১৪ দিন বন্ধ রাখেন হোটেলে। অপেক্ষায় থাকা পরিবারের সঙ্গে যোগ দেওয়ার স্বস্তি এখন সাকিবের। ঘরে ফিরলেও সাকিবের সামনের কয়েক সপ্তাহ বাইরে যাওয়ার তেমন কোনো সুযোগ থাকছে না। সাকিব আইসোলেশনে থাকার সময় তার ‘দি সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গড়ার ঘোষণা দেন। মিশন সেভ বাংলাদেশের সঙ্গে যোগ দিয়ে তার ফাউন্ডেশন প্রথম দাতব্য কাজে যোগ দেয়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তহবিল গড়ছে তার ফাউন্ডেশন। দুদিন আগে বাংলাদেশের বড় একটি গ্রুপ কনফিডেন্সের সঙ্গে যোগ দেয় সাকিবের ফাউন্ডেশন। ২০ লাখ টাকার কভিড-১৯ কিট হাসপাতালের দান করার ঘোষণা দেন।