সুনামগঞ্জে ১০ টাকার চাল কালোবাজারে বিক্রি, ডিলার আটক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রবিন দেব নামে এক ডিলারকে উপজেলা প্রশাসন আটক করে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সরকারের বরাদ্দ দেওয়া চাল গত শুক্রবার ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারের ডিলার রবিন দেব কালোবাজারে বিক্রি করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হয়। বিষয়টি তদন্তের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নির্দেশে উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুর রব গতকাল বিকেলে ডিলারের দোকানে যান। এ সময় ডিলারের মাস্টাররোলে লিখে রাখা তালিকা যাচাই করে দেখা যায়, অনেকেই চাল নেননি। এসব চাল অন্যত্র বিক্রি করেছেন ডিলার। পরে রবিনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মধু মিয়া বলেন, নিবন্ধিতদের বাইরে ১০ টাকা কেজির চাল ডিলার বিক্রি করছেনএমন ঘটনায় স্বাধীন বাজারে উত্তেজনা বিরাজ করছিল। আজকে (গতকাল) ইউএনও হাতেনাতে ওই ডিলারকে আটক করেন। 

ইউএনও মাহফুজুল আলম মাসুম জানান, ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করায় ডিলার রবিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।