দাউদকান্দিতে সর্দি-জ্বর-মাথাব্যথায় বৃদ্ধের মৃত্যু, ৭ পরিবার লকডাউন

কুমিল্লার দাউদকান্দিতে সর্দি, জ্বর ও মাথাব্যথায় আলেক খান (৬৫) নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে উপজেলা প্রশাসন শনিবার রাত ১১টায় বৃদ্ধের বাড়ি লকডাউন করার পর রবিবার ভোরে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মারুকা ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার ও চক্রতলা বাজার কমিটির সভাপতি শহিদুজ্জামান মাশুক ভূইয়া।

ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার বলেন, চক্রতলা গ্রামের আলেক খান দীর্ঘদিন অ্যাজমায় ভুগছিলেন। কয়েকদিন আগে সর্দি জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গৌরীপুরে গিয়েছিলেন। সর্দি জ্বরে তিন দিন অসুস্থ এমন খবর পেয়ে ইউএন্ও, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা এসে শনিবার রাতে ওই বাড়িটি লকডাউন করে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন বলেন, আলেক খানকে আজ রবিবার আইসোলেশন সেন্টারে নিয়ে আসার কথা, এর মধ্যেই ভোরে তিনি মারা যান। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান দেশ রূপান্তরকে জানান, আলেক খানের অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করায় স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে ওই বাড়ির সাত পরিবারকে লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।