নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে তিনি মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃতের আশপাশের ৫০-৬০টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।
মৃত নারীর স্বামী পেশায় একজন কৃষক।
নিহতের স্বজন মো. হানিফ মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় আমার ফুফুর প্রচণ্ড জ্বর হয়েছিল। পরে রবিবারে ভোরে তিনি মারা যান। তার কোনো সন্তান ছিল না। তায়েবা নামে একজনকে দত্তক নিয়ে লালন পালন করে বিয়ে দিয়েছেন। তিনি এ গ্রামেই থাকতেন এবং দীর্ঘদিন ধরে কোথাও বেড়াতেও যাননি।
পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. হাবিবুর রহমান বলেন, ঘটনা জানার পর মৃতের নমুনা সংগ্রহ করে আনা হয়েছে এবং তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে পাঠানো হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য।
মৃত নারীর রোগের লক্ষণ সম্পর্কে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শফিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, রক্তবমিসহ ১০৪ ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বর ছিল নারীর। দুই থেকে তিন লাগবে রিপোর্ট পেতে।
পূর্বধলার ইউএনও উম্মে কুলসুম রবিবার দুপুরে দেশ রূপান্তরকে জানান, নমুনার রিপোর্ট আসার পর সে মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আপাতত যে নারী মারা গেছেন সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী কিভাবে তার দাফনকার্য করা যায় সে বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করছি। ৫০-৬০টি বাড়ি লকডাউন বিষয়ে তিনি বলেন সেখানে পুলিশ পাহারায় আছে।