করোনা পরিস্থিতিতে ফ্রান্সে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ২

করোনাভাইরাসের সংকটময় মুহূর্তেও ফ্রান্সের দক্ষিণ-পূর্বের এক শহরে ছুরিকাঘাত করে দুই ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, গ্রেনাবল অঞ্চলের কাছাকাছি রোমান্স-সুর-ইসেরে শহরে এক তামাকের দোকানে ঢুকে পড়ে হামলাকারী। দোকানের মালিক ও একজন ক্রেতাকে ছুরিকাঘাত করে হত্যা করে সে।

আরও দুইটি দোকানে ঢুকে একাধিক মানুষকে আহত করে সে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটির প্রসিকিউটর জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি সুদানের এক শরণার্থী। তার বয়স ৩০ এর ঘরে। ওই শহরে তিনি বাস করে আসছিলেন।

গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি আরবি উচ্চারণে নামাজরত ভঙ্গিতে ছিল বলে দাবি করেন প্রসিকিউটর।

ন্যাশনাল পুলিশ অ্যালায়েন্স ইউনিয়নের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের আগে ওই ব্যক্তি পুলিশকে অনুরোধ করে তাকে যেন হত্যা করা হয়।

দেশটির কাউন্টার-টেররিজম জানায়, এই ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসী হামলার’ কোনো যোগসূত্র আছে কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বিপুলসংখ্যক মানুষ। আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ, মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার।