সিলেটে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লুবনা আক্তার (২২) নগরীর জিন্দাবাজারের কাজী ইলিয়াস আবাসিক এলাকার পলাশী-৩৮/১ নম্বর বাসার তৌহিদ আহমদ নিপুর স্ত্রী। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, প্রায় দুই বছর আগে লুবনার সঙ্গে নিপুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে স্ত্রীকে দেশে রেখে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।
পরিবারের লোকজনের বক্তব্য উদ্ধৃত করে ওসি জানান, রবিবার দুপুরে স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় লুবনার ঝগড়া হয়। এর জেরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে লুবনা আত্মহত্যা করেন। স্বামী নিপু তখন পরিবারের অন্যদের ফোন করে বিষয়টি জানালে তারা ডাকাডাকি করে লুবনার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ওসি জানান, লুবনার মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। স্বামীর সঙ্গে কী বিষয়ে লুবনার ঝগড়া হয়েছে তা বের করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।