‘লন্ডনিকন্যা’ সেজে একাধিক বিয়ে তিন বোন গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লন্ডনি কন্যা সেজে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে তাদের আটক করা হয়। পরে আদালতে নেওয়া হলে তাদের জেলহাজতে পাঠান বিচারক।

গ্রেফতারকৃতরা হলো শিউলী বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগম। সিলেটের বিশ^নাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে তারা।

পুলিশ ও অভিযোগকারীরা জানান, প্রতারণার মাধ্যমে শিউলী, দিলসানা ও ইয়াছমিন বেগম সিলেটে বাড়ি ভাড়া নিয়ে লন্ডনি কন্যা সেজে বিয়ের ব্যবসা শুরু করে। তাদের আত্মীয় সিলেটের ওসমানীনগর থানার করমসি গ্রামের রহিম উল্লাহ বিয়ের মধ্যস্থতা করত এদের। তাদের খপ্পরে জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল লন্ডনি কন্যা হিসেবে শিউলী বেগমকে বিয়ে করেন। পাঁচ লাখ টাকার নগদ কাবিন, সাত ভরি স্বর্ণালংকার দিয়ে অনাড়ম্ভর আয়োজনে গত ১০ ফেব্রুয়ারি শিউলীকে বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে আসেন আশরাফুল। কয়েক দিন যেতে না যেতেই আশরাফুলের পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় শিউলী। জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই তিন বোনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।