ঢাকা থেকে রংপুরে নিজ বাড়িতে যাওয়ার পথে যে ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বগুড়ার মহাস্থানগড়ে রাস্তায় পড়ে ছিলেন, তিনি করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার এই সিভিল সার্জন জানান, বগুড়ায় আইসোলেশনে থাকা ৪ রোগীর মধ্যে একজন করোনায় আক্রান্ত। ডা. গাওসুল আজিম চৌধুরী বলেন, বগুড়ায় আইসোলেশনে থাকা ৪ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত এক কিশোরসহ মোট ৫ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছিল। তবে রংপুরের ওই ব্যক্তি ছাড়া বাকিরা কেউ করোনায় আক্রান্ত নন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রংপুরের ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার পর গত ২ এপ্রিল কর্র্তৃপক্ষ নিশ্চিত হয়। কিন্তু সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তাকে দ্বিতীয়বার পরীক্ষা করা হবে এমন সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এতদিন ঘোষণা দেওয়া হচ্ছিল না। তবে বিষয়টি আর গোপন থাকেনি। আইসোলেশনে নেওয়ার আগে তাকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে যান। এজন্য ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া ৫ চিকিৎসক ও ৮ নার্সসহ মোট ১৬ জনকে পরদিন শুক্রবার কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পাশাপাশি ওই রোগীকে আইসোলেশন সেন্টারের অন্য রোগীদের থেকে পৃথক রাখা হয়।