হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় তিনি মারা যান। ৬০ বছর বয়সী এই বৃদ্ধ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে পরিবারের দাবি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, উপজেলার শানখলা ইউনিয়নের এই আশ্রয়ণ কেন্দ্রটিতে মোট ২৪২টি পরিবার বাস করেন।
সোমবার সকালে একজন বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তারপরেও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা আহ্বান করেছি। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
শানখলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার তাউছ মিয়া জানান, মৃত শাহনূর মিয়া পানছড়ি আশ্রয়ণের ১নং সমিতির সদস্য ছিলেন। সেখানে ১০১টি পরিবার বসবাস করছে।
তিনি জানান, একটি মেডিকেল টিম শাহনূর মিয়ার স্যাম্পল সংগ্রহ করছেন।
এদিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, পানছড়িতে মারা যাওয়া বৃদ্ধ হাঁপানি রোগে ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য মৃত ব্যক্তির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার জনগণকে চলাফেরায় সীমিত করার জন্য চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও শানখলা ইউনিয়ন চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।