করোনাভাইরাস মৌসুমি রোগ হয়ে উঠতে পারে: মার্কিন চিকিৎসক

ভয়াবহ করোনাভাইরাস মৌসুমি রোগ হয়ে উঠতে পারে সেই সঙ্গে বিশ্বব্যাপী এটিকে নিয়ন্ত্রণের সম্ভাবনা কমে যাবে, এমনটিই মন্তব্য করেছেন মার্কিন চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি।

তার মতে, চলতি বছরে পৃথিবী থেকে করোনাভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। মৌসুমি ফ্লু’র প্রকৃতি ধারণ করবে এটি।

ইমিউনোলজিস্ট হিসেবে সুপরিচিত ফাউসি ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেছেন। 

যুক্তরাষ্ট্রে করোনা রোধে হোয়াইট হাউসের ট্রাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ফাউসি। 

ফাউসি জানান, একটা সময় কমে এলেও তা পুনরায় আবির্ভাবের আশঙ্কা রয়েছে। এমনকি পরের ফ্লু মৌসুমে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার প্রাদুর্ভাব হতে পারে। ফলে মৌসুমি ফ্লু হয়ে মানুষের মধ্যে বিচরণ করার আশঙ্কা থেকে যাবে।

তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্র তার প্রস্তুতিপর্ব আগের চেয়ে ভালো করেছে। মার্কিন সরকার করোনার শক্তি কমানোর জন্য কঠোর পরিশ্রম করছে।’

ফাউসি বলেন, ‘যুক্তরাষ্ট্রে একটি ভ্যাকসিন তৈরির কাজও শেষ হয়েছে এবং এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল শেষ হলে নতুন ওষুধ প্রয়োগ সেই সঙ্গে এই সংক্রান্ত চিকিৎসা  প্রক্রিয়াও শুরু করা হবে।’

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে।