পোশাক-খাবার থেকে লটারি সব বিক্রি করেছেন নোরা

দিলবার ও সাকি সাকি আইটেম গানের জন্য জনপ্রিয়তা পাওয়া নোরা ফাতেহিকে স্ব-প্রতিষ্ঠ তারকা বলা যায়।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানান, তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই ১৬ বছর বয়সে হাই স্কুলে পড়াকালে রোজগারে নামতে হয়েছে।  

কানাডায় বড় হওয়া নোরা জানান, তার প্রথম চাকরি ছিল একটি শপিং মলের সেলস গার্ল হিসেবে। যা তার স্কুলের উল্টো দিকে ছিল, ক্লাস শেষ করেই কাজে চলে যেতেন।

আরও নানান ধরনের চাকরি করেন নোরা। এর মধ্যে ছিল রেস্টুরেন্ট, বার ও শর্মা হাউসের ওয়েট্রেসের কাজ। এমনকি লটারিও বিক্রি করেছেন। ফোন করে বলতেন, ‘হাই ম্যাম, আপনি কি লটারি কিনবেন?’ ফুড চেইন ম্যাকডোনাল্ডেও কাজ করেছেন তিনি।

২০১৫ সালে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস নাইন’-এর ঘরে প্রবেশের সুযোগ পান নোরা ফাতেহি।

কোনো ওস্তাদের কাছে না গিয়ে ইউটিউব দেখে নাচ শিখে মাত করে দেন বলিউড দর্শকদের। ‘ভারত’ ও ‘বাটলা হাউস’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘স্ট্রিট ড্যান্সার থ্রি’ সিনেমায়।