করোনা পরিস্থিতিতে এবার বন্ধ হচ্ছে ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের ছাপানোর কাজ। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন ও দৈনিক আলোকিত বাংলাদেশের প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করা হয়।
করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি এবং সংবাদপত্র বিতরণ চ্যালেঞ্জের কারণে বুধবার থেকে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন চলবে।
একটি ফেসবুক স্ট্যাটাসে পত্রিকাটির সম্পাদক এম শামসুর রহমান জানান, www.theinddependentbd.com এই অনলাইন সংস্করণটির মাধ্যমে পত্রিকাটি তার পাঠকদের কাছে সংবাদ প্রবাহ অব্যাহত রাখবে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পত্রিকাটি আবার ছাপানো হবে।
এ বিষয়ে ইনডিপেনডেন্ট পত্রিকার এক্সিকিউটিভ এডিটর শামীম আবদুল্লাহ জাহেদী বলেন, অবনতিশীল করোনভাইরাস পরিস্থিতির মধ্যে চলাচলে বিধিনিষেধের কারণে পত্রিকা বিতরণ সংকটের মুখোমুখি হচ্ছে। পত্রিকা প্রকাশের জন্য কর্মস্থলে আসা কর্মীদের নিরাপত্তার বিষয়েও প্রশাসন উদ্বিগ্ন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত অনলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।