করোনাভাইরাস উপসর্গ দেখা দেওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.আলামিন হোসেনের স্ত্রী উপজেলার বামন ঘিয়ালা গ্রামের ববিতা খানম (২৬)কে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আনোয়ার হোসেন বলেন, করোনা আক্রান্তের লক্ষণ থাকায় ওই চিকিৎসকের স্ত্রীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তার পরিবারকেও হোম কোয়ানেন্টিনে থাকতে বলা হয়েছে। এ ছাড়া রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই নারীর চিকিৎসক স্বামী কিংবা সংশ্লিষ্টদের মধ্যে কোনো উপসর্গ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সংক্রমণ হলেও অনেকের মধ্যে লক্ষণ দেখা যায় না। তাই ওই পরিবারের অন্য সদস্যদের এখনও এমন উপসর্গ দেখা যায়নি।
তিনি আরো বলেন, বেশকিছুদিন ধরে ডা. আলামিন হোসেন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিমের সাথে উল্লাপাড়ায় বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শনাক্তকরণ কাজ করছেন। নিরাপত্তা পোশাক পিপিই না থাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই তাদের কাজ করতে হয়েছে। যদি ববিতা খানমের দেহে করোনাভাইরাস পজেটিপ হয়, তবে ওই টিমের সবাইকে আইসোলেশনে থাকতে হবে।