স্মিথ-ওয়ার্নার ছিল না বলেই পেরেছিল ভারত: ওয়াকার

২০১৮ সালে অনন্য এক নজির গড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় তারা। তবে সেই সাফল্যে প্রতিপক্ষের দুর্বলতারও দেখেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনিস।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এই তারকা মনে করিয়ে দিয়েছেন, তখন অস্ট্রেলিয়া দলে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ছিলেন না। এই দুই তারকাই তখন বল টেম্পারিংয়ের কারণে নিষিদ্ধ ছিলেন।

ওয়াকার বলেন, ‘আমি ভারতের কৃতিত্বকে খাটো করার চেষ্টা করছি না। তারা ভালো খেলেছে এবং তারা দারুণ একটি দল। তবে পাশাপাশি এটিও বলতে হবে, এমন একটি সময়ে তারা অস্ট্রেলিয়ায় জিতেছে, কোনো সন্দেহ নেই যে অস্ট্রেলিয়ান ক্রিকেট তখন টালমাটাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল।’

‘তাদের ড্রেসিংরুম ছিল অগোছালো। এবং তাদের স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারকে ছাড়া খেলতে হয়েছিল।’

স্মিথ-ওয়ার্নারবিহীন দলের বিপক্ষে হলেও ভারত অবশেষে অস্ট্রেলিয়া জয় করতে পেরেছে। তবে পাকিস্তান এখনো তা পারেনি। কেন পারছে না এ প্রসঙ্গে অনেকটা অসহায় ওয়াকার।

১৯৯৯ সালের সফরের উদাহরণ টানেন তিনি। সেবার দুর্দান্ত বোলিং আক্রমণ ছিল পাকিস্তানের। ওয়াকারের সঙ্গে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ছিলেন। আব্দুল রাজ্জাক, সাকলায়েন মুশতাকের মতো তারকাও ছিলেন। এরপরও পাকিস্তান সিরিজ হারে ৩-০তে। সেই ব্যর্থতার উত্তর আজও খুঁজে পান না ওয়াকার।