দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের জন্য কারখানামালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে পোশাক কারখানাগুলো আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ ঘোষণায় এসব জানান।
ঘোষণায় বলা হয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরি করছে সেসব প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে।