নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ মারা গেছেন

নারী আন্দোলনের নেত্রী ও সংগঠক মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল ৬টা ২৫ মিনিটে ভারতের গুয়াহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। রাখী দাশ পুরকায়স্থের স্বামী ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

মুক্তিযোদ্ধা রাখী দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই নারী নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। এ ছাড়া দেশের বিভিন্ন প্রগতিশীল সংগঠন তার মৃত্যুতে শোক জানায়।

রাখী দাশ বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে ঢাকার ইডেন কলেজের ছাত্র সংসদের পরপর তিনবার নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। শামসুন্নাহার হলের সহসভাপতি (ভিপি) ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।