করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সিঙ্গাপুরে প্রায় ২০ হাজার বিদেশি শ্রমিককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। দুটি ডরমেটরিতে থাকা এসব শ্রমিককে ১৪ দিন বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
বিবিসি বলছে, শ্রমিকদের নিজ নিজ ব্লক থেকে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ঘরে অথবা ফ্লোরে থাকে না এমন লোকজনের সঙ্গে মিশতে বারণ করা হয়েছে।
এই সময়ে ওই শ্রমিকদের তিন বেলা খাবার ও বেতন দেওয়া হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ। পাশাপাশি তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও থার্মোমিটারও দেওয়া হবে। দেওয়া হবে সব ধরনের চিকিৎসা সহায়তাও।
খবরে বলা হয়েছে, ১৩ হাজার শ্রমিক বসবাস করে এমন একটি ডরমেটরিতে ৬৩ জন এবং ৬ হাজার ৮০০ শ্রমিক বসবাস করে এমন আরেকটি ডরমেটরিতে ২৮ জনের করোনা শনাক্ত হওয়ার পর ডরমেটরি দুটো আইসোলেটেড করা হয়। পানগোলের এস১১ ডরমেটরি এবং ওয়েস্টলাইট তোহ গুয়ান ডরমেটরিতে প্রধানত দক্ষিণ এশিয়ার নির্মাণ শ্রমিকরা থাকেন।
দেশটির সরকার বলছে, ডরমেটরিগুলোতে করোনভাইরাস আক্রান্তের সংখা বাড়ছে, তাই আইসোলেশন শ্রমিকদের নিরাপদ রাখবে এবং বৃহত্তর সমাজকে ব্যাপক সংক্রমণ থেকে রক্ষা করবে।