যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

সময়ের সঙ্গে করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১,১৫০ জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নতুন করে কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ১০ হাজার নয়শো ছাড়িয়ে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রই এখন সবার ওপরে। গত কয়েকদিন ধরে দেশটিতে গড়ে প্রতিদিন অন্তত এক হাজার মানুষ কভিড-১৯ এ মারা যাচ্ছে। মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সর্বোচ্চ তালিকায় থাকা ইতালি (১৬,৫২৩) ও স্পেনের (১৩,০০৫) দিকে এগিয়ে চলছে।

মৃতের সংখ্যা বেশি নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট ও ডেট্রোয়েট ও মিশিগানে।

হোয়াইট হাউজের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পূর্বাভাস, করোনাভাইরাসের কারণে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার আমেরিকান মারা যেতে পারেন।

করোনাভাইরাস নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য, বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬৭৯।