মাগুরা শহরের চালবাজারে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে একই পরিবারের ৪ সদস্যকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।
প্রশাসন সোমবার রাত ৮টার দিকে চালপট্টি, সোনাপট্টি এবং ওই বাড়িটিসহ আশপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করেছে।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, চাল বাজারের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ব্যাংক কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস থাকেন। তিনি নোয়াখালীর চৌমুহনী শাখায় কর্মরত।
১২ দিন আগে কর্মস্থল থেকে তিনি মাগুরায় ওই ফ্লাটে এসে জ্বরে আক্রান্ত হন। তার বমির সঙ্গে মাথা ব্যথার উপসর্গ রয়েছে।
স্থানীয়ভাবে গত কয়েকদিন তিনি চিকিৎসা নিয়েছেন। কিন্তু অবস্থা অপরিবর্তিত থাকে এবং একই পরিবারের অপর দুই সদস্য জ্বরে আক্রান্ত হন।
এ অবস্থায় ওই বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে স্বাস্থ্য বিভাগ সঞ্জয় বিশ্বাস, তার মা, মেয়ে ও স্ত্রীকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নেয়। পাশাপাশি ওই বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি, চাল পট্টি ও সোনাপট্টি লকডাউন করা হয়।