ভয়াবহ করোনাভাইরাস রোধে ঘোষিত লকডাউন অমান্য করে পদ হারালেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।
বিবিসি জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে পরিবারকে নিয়ে গাড়িতে চড়ে সৈকত ভ্রমণে যান ডেভিড ক্লার্ক। ১২ মাইল গাড়ি চালান তিনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেন, বোকার মতো কাজ করেছেন ক্লার্ক। এটা অপরাধ। কিন্তু পরিস্থিতি বিবেচনায় তাকে বরখাস্ত না করে পদাবনতি করা হলো।
এদিকে এ ঘটনায় ভুল স্বীকার করে নিজেকে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করেছেন ক্লার্ক।
এই মন্ত্রী জানান, নির্দেশনা অমান্য করে সম্প্রতি মাউন্টেইন বাইকিংয়ে (পাহাড়ে মোটরসাইকেল চালনা) গিয়েছিলেন তিনি। এ ছাড়া পরিবার নিয়ে সমুদ্র সৈকতে ঘুরেও বেড়িয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ সময় হলে এমন কাজের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হতো। তবে এখন সেটি করলে দেশের করোনা মহামারি মোকাবিলায় নেয়া পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। তাই কিছুটা লঘু শাস্তি দেয়া হয়েছে। ক্লার্ক এখন থেকে সহযোগী অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।’
এর আগে লকডাউন অমান্য করে স্কটল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা ক্যাথরিন ক্যাল্ডারউড পদত্যাগ করেন। মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি এডিনবার্গ থেকে ৬৫ কিলোমিটার দূরে নিজের দ্বিতীয় বাড়িতে গিয়েছিলেন।