করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি আইপিএল। কবে শুরু হবে সে নিয়েও আছে অনিশ্চয়তা। এমনকি এবারের আসরটি যে পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে।
এর মধ্যে কেভিন পিটারসেন ও সঞ্জয় মঞ্জরেকার বলেছেন প্রয়োজনে দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজন করা যেতে পারে। এবার তাদের দুজনের সঙ্গে সুর মেলালেন হরভজন সিংও।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এসে ভারতের সাবেক স্পিনার জানিয়েছেন, ‘দর্শকেরা খেলার পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে পরিস্থিতি উন্নতি না হলে দর্শকদের ছাড়াই খেলতে হবে আমাদের। ক্রিকেটার হিসেবে হয়তো সেই আমেজটা পাব না। তবে সমর্থকেরা যাতে টিভিতে খেলা দেখতে পারে তা নিশ্চিত করতে হবে।’
তবে দর্শকশূন্য হলেও সব ধরনের সতর্কতা থাকতে হবে বলে মন্তব্য করেন হরভজন, ‘আমাদের সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ম্যাচ ভেন্যু, হোটেল এবং ফ্লাইট পুরোপুরি স্যানিটাইজ করে ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্যব্যবস্থা সংকটের মধ্যে। এমন অবস্থায় সঠিক পরিস্থিতিতেই আইপিএল আয়োজন করা উচিত।’
সেই সাথে হরভজনের আশা কাটছাঁট করে নয়, এ বছর পুরো আইপিএল আসরই অনুষ্ঠিত হবে।