পাওনা ৩০০ টাকা নিয়ে বিরোধ

এক ভবঘুরের আঘাতে প্রাণ গেল আরেক ভবঘুরের

রাজধানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ভবঘুরের আঘাতে আরেক ভবঘুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ভবঘুরের নাম রানা (৫৫)। আরেক ভবঘুরে রিপন (২৮) পরিত্যক্ত টিউবলাইট দিয়ে মাথায় আঘাত করলে রানার মৃত্যু হয়। রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা থানার এসআই মো. মহিবুল্লাহ দেশ রূপান্তরকে জানান, রানা ও রিপন মগবাজার এলাকায় ভবঘুরে হিসেবে ভাসমান জীবনযাপন করত। পেশায় দুজনই টোকাই। রিপন রানার কাছে ৩০০ টাকা পেত। ওই টাকা চাইলে তাদের মধ্যে গতকাল ভোরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন তার হাতে থাকা ভাঙা টিউবলাইট দিয়ে রানার মাথায় আঘাত করে। এতে রানার মাথা ও থুতনি কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রানার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এসআই মহিবুল্লাহ বলেন, ‘ঘটনার পর রিপনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। সে রানাকে আঘাত করার কথা স্বীকার করেছে। নিহত রানার পরিবারের কোনো তথ্য পাওয়া যায়নি। আটক রিপন ও স্থানীয়দের কাছ থেকে নিহত ব্যক্তির নাম রানা বলে জানা যায়। তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।’